
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈমকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা নাঈমকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে নাঈমকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই ধানমন্ডির ৩ নম্বর সড়কে ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, ওই সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো. সজিব ইসলাম নিহত হন। এ ঘটনায় ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, আনোয়ার হোসেন নাঈম এবং অপর আসামি বেলাল হোসেন বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন। তবে চলমান তদন্তের স্বার্থে তাদের এ মামলায়ও গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
আদালত তদন্ত কর্মকর্তার যুক্তি বিবেচনায় নিয়ে আবেদন মঞ্জুর করেন। এর ফলে নাঈমের বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়ায় নতুন মামলার তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়ার পথ সুগম হলো।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন সহিংসতার ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক হত্যা, হত্যাচেষ্টা ও অন্যান্য ফৌজদারি মামলা দায়ের হয়েছে। এসব মামলার তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।