
দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং দেশের অন্যান্য এলাকায় মোটামুটি সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত থাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকাতেও একই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টির পাশাপাশি দিনের ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, ফলে কিছু এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায়, যেখানে ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা প্রয়োজন ছাড়া বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করা এবং ভারি বৃষ্টিপ্রবণ এলাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।