
রাজধানীতে টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ঢাকার নিউ মার্কেটের সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে পুরো মার্কেটের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাত থেকে রাজধানীতে অবিরাম বৃষ্টি হওয়ায় নিউ মার্কেট এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে রবিবার সকাল থেকে কোনো দোকান খোলা হয়নি এবং পুরো মার্কেট বন্ধ রাখা হয়েছে।
ফিরোজ উল ইসলাম বলেন, বর্তমানে নিউ মার্কেটে কোনো ব্যবসাপ্রতিষ্ঠান চালু নেই। জলাবদ্ধতার কারণে ক্রেতাদের উপস্থিতিও দেখা যায়নি। নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) মার্কেটের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতির উন্নতি হলে সোমবার দোকানপাট খোলা হবে কি না, সে বিষয়ে ব্যবসায়ী সমিতি সিদ্ধান্ত নেবে।
এদিকে শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে।
পরিস্থিতি বিবেচনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নগরবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক ভোগান্তি কমাতে কাজ করছে।