প্রিন্ট এর তারিখঃ Feb 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 5, 2026 ইং
বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন হবে: দুলু

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্নয়ক আসাদুল হাবিব দুলু বলেছেন, উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা হবে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
দুলু আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গত দেড় বছর ধরে বিএনপি ও তিস্তা পাড়ের মানুষ একাধিক আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও এই দাবি জানানো হয়েছে। সে সময় সরকারের পক্ষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে কাজ শুরুর আশ্বাস দেওয়া হলেও জানুয়ারি শেষ হয়ে গেলেও বাস্তবায়নের কোনো অগ্রগতি দেখা যায়নি।
বর্তমানে নির্বাচন চলমান থাকায় এই সরকার কতটুকু উদ্যোগ নেবে, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি। তবে বিএনপি ক্ষমতায় গেলে এই প্রকল্প বাস্তবায়নে কোনো বিলম্ব হবে না বলে পুনরায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দুলু।
দুলু অভিযোগ করে বলেন, এখনো প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনেকে কর্মরত রয়েছেন, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এসময় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্বাচন কমিশনকে আরও নজরদারি বাড়ানোর আহ্বান জানান দুলু। বিএনপির এই নেতা বলেন, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে যেন নির্বাচন ভূলুণ্ঠিত না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এস, কে সাহেদ লালমনিরহাট প্রতিনিধি
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা