
বাংলাদেশ ও জাপানের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে জাপানের তিন সদস্যের একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাব্য ক্ষেত্রগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং ‘ফোর্সেস গোল’ অর্জনের লক্ষ্যে জাপানের প্রযুক্তিগত সহায়তার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে প্রযুক্তি, দক্ষতা এবং অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।
এ সময় দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে নিয়মিত প্রশিক্ষণ, সামরিক প্রতিনিধি দলের সফর, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কারিগরি সক্ষমতা উন্নয়নের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। পাশাপাশি আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি বিনিময়ের নতুন সম্ভাবনাগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সৌজন্য সাক্ষাৎ দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং প্রতিরক্ষা খাতে কৌশলগত সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।
বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বিদ্যমান সহযোগিতার ধারাবাহিকতায় এই বৈঠক প্রতিরক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি এবং সামরিক সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।