
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর দেশজুড়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দল, প্রশিক্ষিত উদ্ধারকারী কুকুর এবং স্বেচ্ছাসেবকেরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারের জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জীবিত মানুষ খুঁজে পাওয়ার সম্ভাবনা কমে আসছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৫০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩ হাজার ১৫০ জন। পাশাপাশি প্রায় ২০০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে এবং মোট ৭৭৪টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি ভূমিকম্প আঘাত হানার পর দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়।
রবিবার রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরের কারাবালেদা শহরে ধ্বংসস্তূপের নিচ থেকে একজন ব্যক্তি ও তার কিশোর ছেলেকে জীবিত উদ্ধার করা হয়। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। চলমান দুর্যোগের মধ্যে এই উদ্ধার কিছুটা আশার সঞ্চার করলেও দেশজুড়ে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহর লা গুয়ারায় অনেক পরিবার নিজেদের স্বজনদের খুঁজতে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে যাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় অনেকেই নিজেরাই উদ্ধারকাজ চালাতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে বিভিন্ন এলাকায় লুটপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ফার্মেসি ও দোকানে হামলা চালিয়ে প্রয়োজনীয় সামগ্রী লুট করার খবর পাওয়া গেছে।
সরকার জানিয়েছে, জীবিত মানুষ উদ্ধারের কাজ এখনও বন্ধ করা হয়নি। আন্তর্জাতিক সহায়তাও অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পাঠানোর পাশাপাশি আরও ২৩০ জন সেনা সদস্যকে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যুক্ত করছে। এর আগে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা মোট ৫২১ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে। বর্তমানে ৮৬টি বিশেষ উদ্ধার ইউনিট এবং ২ হাজার ৭০০-এর বেশি উদ্ধারকর্মী মাঠে কাজ করছেন।
বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের পর প্রথম ৭২ ঘণ্টাকে জীবিত উদ্ধার অভিযানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়। সেই সময়সীমা শেষ হওয়ায় এখন অনেক এলাকায় ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজই বেশি চলছে। এদিকে জাতিসংঘের হিসাবে, ভূমিকম্পে অবকাঠামোগত ক্ষতির পরিমাণ প্রায় ৬৭০ কোটি ডলার, যা ভেনেজুয়েলার মোট দেশজ উৎপাদনের উল্লেখযোগ্য অংশ। ফলে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে থাকা দেশটি নতুন করে বড় মানবিক সংকটের মুখে পড়েছে।