
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি নিজের গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা আবারও প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। কয়েক বছর আগে বাংলাদেশ সফরে এসে যে অভূতপূর্ব ভালোবাসা পেয়েছিলেন, সেই স্মৃতি এখনো তার হৃদয়ে গেঁথে আছে বলে জানিয়েছেন তিনি।
বিশ্বকাপের ব্যস্ত সময়সূচির মধ্যেও বাংলাদেশের সমর্থকদের কথা ভুলে যাননি এই তারকা গোলরক্ষক। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা এবং তার প্রতি অকৃত্রিম সমর্থন নিয়মিতই চোখে পড়ে বলে জানান তিনি। সেই ভালোবাসার প্রতিদান হিসেবেই বাংলাদেশের প্রতি নিজের আন্তরিক অনুভূতির কথা প্রকাশ করেন।
বাংলাদেশ সময় রোববার সকালে ডালাস স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটিতে জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ এবং লিওনেল মেসির গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
ম্যাচ শেষে মিক্সড জোনে বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর টি স্পোর্টসসহ উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গেও আলাদাভাবে কথা বলেন এমিলিয়ানো মার্তিনেজ। সেখানেই তিনি বাংলাদেশের মানুষের প্রতি নিজের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন।
বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে মার্তিনেজ বলেন, “বাংলাদেশে গিয়েছিলাম আমি। সত্যিই দেশটিকে ভালোবাসি।”
তিনি আরও বলেন, “আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। তাদের সমর্থন আমি ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে দেখে, আমার অনেক ভালো লাগে। আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য।”
বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের জনপ্রিয়তা দীর্ঘদিনের। বিশেষ করে লিওনেল মেসিকে ঘিরে কোটি কোটি বাংলাদেশি সমর্থকের উচ্ছ্বাস আন্তর্জাতিক গণমাধ্যমেও একাধিকবার আলোচনায় এসেছে। সেই ভালোবাসা কাছ থেকে অনুভব করার সুযোগ হয়েছিল এমিলিয়ানো মার্তিনেজের বাংলাদেশ সফরের সময়।
বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার সফল অভিযানের মাঝেও বাংলাদেশের ভক্তদের প্রতি তার এই বার্তা আবারও দুই দেশের ফুটবলপ্রেমীদের আবেগকে আরও দৃঢ় করেছে। বাংলাদেশের সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসার স্বীকৃতি হিসেবে মার্তিনেজের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।