
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুবশক্তির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক সেজুতি হোসাইনসহ দুই শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। শুক্রবার দুপুরে সাভারে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
এ উপলক্ষে সাভারের ব্যাংক কলোনিতে ডা. সালাউদ্দিন বাবুর বাসভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং জুলাই আন্দোলনের যোদ্ধারা দলে যোগ দিতে চাইলে তাদের স্বাগত জানানো হবে।
যোগদান শেষে সেজুতি হোসাইন তার বক্তব্যে বলেন, এনসিপিতে কাজ করার সময় দলটির বিভিন্ন সিদ্ধান্তে তিনি হতাশ হয়েছেন। তার দাবি, রাজনৈতিক অনভিজ্ঞতা এবং নেতৃত্বের সীমাবদ্ধতার কারণে দলটি একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন এবং নাগরিক কমিটির সময় থেকে নিজের সময়, শ্রম ও অর্থ ব্যয় করে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করেছিলেন। কিন্তু পরবর্তীতে অনেক ত্যাগী কর্মী যথাযথ মূল্যায়ন পাননি বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন, টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়া এবং হঠাৎ করে নতুন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার মতো সিদ্ধান্তে মাঠপর্যায়ের অনেক কর্মী হতাশ হয়েছেন।
সেজুতি হোসাইন বলেন, তিনি কোনো পদ বা ব্যক্তিগত সুবিধার আশায় বিএনপিতে যোগ দেননি। গণতন্ত্র, ভোটাধিকার এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্যেই তিনি বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানে এনসিপি থেকে বিএনপিতে যোগ দেওয়া হেলেন জাহান রিফা ও সুজন আহমেদও বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদীর, সহসভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।