
বিশ্বকাপের নকআউট পর্বে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনায় বড় পরিবর্তন এসেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয় না পাওয়ায় পর্তুগাল গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ করেছে। এর ফলে নকআউট পর্বের ভিন্ন ব্র্যাকেটে চলে গেছে রোনালদোর দল এবং কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
বাংলাদেশ সময় রোববার ভোরে মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘কে’ গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে পর্তুগাল। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৫ পয়েন্ট সংগ্রহ করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। অন্যদিকে কলম্বিয়া তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হিসেবে নকআউট পর্বে উঠেছে।
রানার্সআপ হওয়ায় পর্তুগাল এখন নকআউট পর্বের অন্য পাশে অবস্থান করছে। ফলে মেসির আর্জেন্টিনা ও রোনালদোর পর্তুগাল ফাইনালের আগে আর মুখোমুখি হওয়ার সুযোগ নেই। দুই দল নিজেদের সব নকআউট ম্যাচ জিতে ফাইনালে উঠতে পারলেই কেবল ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত দ্বৈরথের সাক্ষী হতে পারবেন সমর্থকরা।
পর্তুগালের সামনে অবশ্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ওই ম্যাচে জয় পেলে শেষ ষোলোতে সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন। এরপর কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম এবং সেমিফাইনালে জার্মানি, ফ্রান্স অথবা নেদারল্যান্ডসের যেকোনো একটি শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আর্জেন্টিনাকেও ফাইনালে পৌঁছাতে নিজেদের নকআউট পর্বের প্রতিটি ম্যাচে জয় পেতে হবে। উল্লেখ্য, যদি পর্তুগাল কলম্বিয়ার বিপক্ষে জয় পেত, তাহলে একই ব্র্যাকেটে থাকায় দুই দল রাউন্ড অব ৩২ ও শেষ ষোলোর বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে পারত। সেই সম্ভাবনা এখন আর নেই।
এদিকে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া রাউন্ড অব ৩২-এ ঘানার বিপক্ষে মাঠে নামবে।