
জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনার সময় অতিরিক্ত বক্তব্য দেওয়ার জন্য সময় চাওয়াকে কেন্দ্র করে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদের একটি রসিক মন্তব্য সংসদ কক্ষে হাস্যরসের পরিবেশ সৃষ্টি করে।
শনিবার (২৭ জুন) বাজেট অধিবেশনে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন নির্ধারিত বক্তব্য শেষ করার পর আরও দুই মিনিট সময়ের আবেদন জানান। তবে সময়ের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে স্পিকার তার সেই অনুরোধ গ্রহণ করেননি।
বক্তব্যের শেষ পর্যায়ে ফজলুল হক মিলন স্পিকারকে উদ্দেশ করে বলেন, “মাননীয় স্পিকার, দুইটা মিনিট সময় দেন না।” জবাবে স্পিকার সংক্ষেপে বলেন, “সময় নেই।”
এরপরও সংসদ সদস্য আবার সময়ের আবেদন করলে স্পিকার রসিকতার সুরে বলেন, “সম্ভব নয়। আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, ওই যে মুদি দোকানে লেখা থাকে না—‘বাকি চাহিয়া লজ্জা দেবেন না’। এখন সময় চাইয়া লজ্জা দেবেন না।”
স্পিকারের এই মন্তব্যের পর সংসদ কক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায়। পরে অনেক সংসদ সদস্য স্পিকারের মন্তব্যকে সমর্থন জানিয়ে টেবিল চাপড়ে প্রতিক্রিয়া জানান।
বাজেট অধিবেশনে নির্ধারিত সময়ের মধ্যে অধিকসংখ্যক সংসদ সদস্যকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে সাধারণত বক্তব্যের সময়সীমা নির্ধারণ করা হয়। ফলে নির্ধারিত সময় শেষ হওয়ার পর অতিরিক্ত সময় দেওয়ার ক্ষেত্রে স্পিকারকে সময় ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় রাখতে হয়।
এই প্রেক্ষাপটেই অতিরিক্ত সময়ের আবেদন নাকচ করতে গিয়ে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ মুদি দোকানের বহুল পরিচিত একটি বাক্যের উদাহরণ টেনে রসিকতা করেন। তার মন্তব্যে সংসদের পরিবেশ কিছুক্ষণের জন্য প্রাণবন্ত হয়ে ওঠে এবং অধিবেশনে উপস্থিত সদস্যদের মধ্যেও হাস্যরসের সৃষ্টি হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকেই স্পিকারের তাৎক্ষণিক রসবোধের প্রশংসা করছেন, আবার অনেকে সংসদের আনুষ্ঠানিক পরিবেশে এমন হালকা মুহূর্তকে ইতিবাচক হিসেবে দেখছেন।