
শেরপুরের শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা সীমান্ত এলাকায় চোরাপথ ব্যবহার করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণজোড়া বিওপির একটি টহলদল সীমান্তসংলগ্ন পাহাড়ি জঙ্গলে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে রাত ৯টার দিকে আটক ব্যক্তিদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ভোলা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দারা রয়েছেন। এছাড়া তাদের সঙ্গে চারজন শিশুও ছিল। বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মানবপাচারকারী চক্র জনপ্রতি ৪০ হাজার টাকার বিনিময়ে সীমান্তের চোরাপথ দিয়ে তাদের ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।
তথ্য অনুযায়ী, মানবপাচারকারী চক্রের কয়েকজন সদস্যের সঙ্গে মৌখিক চুক্তির ভিত্তিতে বুধবার রাতে তারা ঢাকা থেকে শেরপুরে পৌঁছান। এরপর আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ অভ্যন্তরে হারিয়াকোনা পাহাড়ি এলাকার জঙ্গলে অবস্থান নেন। তবে সীমান্তে বিজিবির কড়া নজরদারির কারণে সেদিন রাতে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি।
পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার রাতে তাদের ভারতে প্রবেশের কথা ছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কর্ণজোড়া বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে জঙ্গলের ভেতর থেকে সবাইকে আটক করে। এতে সম্ভাব্য অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টা ব্যর্থ হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, আটক ৯ জনের মধ্যে তিনজন নারী ও চারজন শিশু রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত মানবপাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।