
চীন সফরের শেষ দিনে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকালে ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর সফরের শেষ দিনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক। এই আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। একই সঙ্গে দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে আরও সুসংহত করার লক্ষ্যে ইতিবাচক ফলাফল অর্জনের প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনে আরও বহুমাত্রিক ও গভীর হবে বলে আশা করা হচ্ছে। কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে রয়েছেন মোট ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর কয়েকজন উপদেষ্টাও রয়েছেন।
সফরের শেষ দিনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের একটি জাদুঘর পরিদর্শনের কর্মসূচিও রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৫টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নিতে চীনের দালিয়ানে যান। সেখানে দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর বুধবার বেইজিংয়ে পৌঁছান তিনি। চীন সফরের এই উচ্চপর্যায়ের বৈঠক বাংলাদেশ-চীন সম্পর্কের ভবিষ্যৎ অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।