
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সংবাদমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) এমপি। তিনি বলেছেন, দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ এবং পক্ষপাতহীন সাংবাদিকতা শুধু সংসদের কার্যক্রমকে জনগণের সামনে তুলে ধরবে না, বরং গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিক ও সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়াতেও সহায়তা করবে।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, প্রতিবছর ফল উৎসব আয়োজনের মাধ্যমে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে আসছে। এমন আয়োজন শুধু সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধিতেই সহায়ক নয়, বরং সমাজের সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পারে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত পরিসরে অনুষ্ঠিত হবে।
সংবাদমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে স্পিকার বলেন, গণমাধ্যম যদি নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করে, তাহলে জাতীয় সংসদের কার্যক্রম আরও স্বচ্ছভাবে জনগণের সামনে উপস্থাপিত হবে। এর ফলে সংসদের প্রতি জনগণের আস্থা ও আগ্রহ বৃদ্ধি পাবে এবং গণতান্ত্রিক চর্চাও আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, বর্তমান সংসদ একটি প্রাণবন্ত ও প্রতিনিধিত্বশীল সংসদ হিসেবে কাজ করছে। একটি সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। দীর্ঘদিন ধরে দেশের মানুষ যে ধরনের কার্যকর সংসদীয় কার্যক্রম প্রত্যাশা করেছে, বর্তমান সংসদ সেই প্রত্যাশা পূরণে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেন, সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যদের সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, সংসদকে কেন্দ্র করে গণতন্ত্রকে প্রকৃত অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাংবাদিক ও সংবাদমাধ্যম জনকল্যাণমূলক ভূমিকা পালন করতে পারে। তিনি সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি বলেন, ফল উৎসবের মতো আয়োজন পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং সুসম্পর্ককে আরও দৃঢ় করে। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা তাঁদের পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে জাতীয় সংসদের কার্যক্রম এবং জনগণের প্রত্যাশার মধ্যে আরও কার্যকর যোগাযোগ তৈরি করবেন।
চিফ হুইপ আরও বলেন, গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা সংসদকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে সহায়তা করছে। ভবিষ্যতেও সাংবাদিকদের প্রয়োজনীয় উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিজেএর সভাপতি হারুন জামিল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো। এতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিপিজেএর নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানের শেষে স্পিকার ফল উৎসব আয়োজনের জন্য বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও আয়োজকদের ধন্যবাদ জানান এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।