
জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত অধিভুক্ত কলেজগুলোর জন্য একটি জরুরি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার আওতায় স্নাতক (পাস ও সম্মান) পর্যায়ে পাঠদানরত সব শিক্ষকের হালনাগাদ তথ্য নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে।
বুধবার (২৪ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, বিষয়ভিত্তিক শিক্ষক ডাটাবেজ প্রস্তুত, প্রশিক্ষণ চাহিদা নিরূপণ এবং ভবিষ্যৎ শিক্ষক প্রশিক্ষণ কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ লক্ষ্যে দেশের সব অধিভুক্ত কলেজের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য দ্রুত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থায়ী, অস্থায়ী ও খণ্ডকালীনভাবে নিয়োজিত শিক্ষকদের বিষয়ভিত্তিক তথ্য আলাদাভাবে সংগ্রহ করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কতজন শিক্ষক আইসিটি বিষয়ে কোর ট্রেনিং ও মাস্টার ট্রেনিং সম্পন্ন করেছেন, সে তথ্যও দিতে হবে। যেসব শিক্ষক এখনও কোনো প্রশিক্ষণ গ্রহণ করেননি, তাদের সংখ্যাও উল্লেখ করতে হবে।
এছাড়া কলেজগুলোর তথ্যপ্রযুক্তি অবকাঠামো সম্পর্কেও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব রয়েছে কি না, থাকলে কতটি ল্যাব রয়েছে এবং সেখানে মোট কতটি কম্পিউটার ব্যবহারযোগ্য অবস্থায় আছে—এসব তথ্য নির্ধারিত ছকে উল্লেখ করতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তথ্য পাঠানোর জন্য একটি নির্দিষ্ট এক্সেল ফাইল ফরম্যাট কলেজগুলোতে সরবরাহ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সেই ফরম্যাট অনুসরণ করেই তথ্য প্রস্তুত করতে হবে। পরে নির্ধারিত ই-মেইল ঠিকানা teachers.training@nu.ac.bd-এ তা পাঠাতে হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে সব তথ্য জমা দিতে বলা হয়েছে। সময়সীমার মধ্যে তথ্য প্রেরণের মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর ও বাস্তবভিত্তিক করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকসংক্রান্ত একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরি হবে। একই সঙ্গে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।