
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মামলার ঘটনার সঙ্গে মমতাজ বেগমের সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাই তদন্তের স্বার্থে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মিরপুর এলাকায় চলমান জুলাই আন্দোলনে অংশ নেন বাদী মো. মুক্তার হোসেন। আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও গুলিবর্ষণে তিনি আহত হন বলে অভিযোগ করা হয়েছে। রাবার বুলেটের আঘাতে আহত মুক্তার হোসেন পরে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি এ ঘটনায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মমতাজ বেগমকে মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ বলছে, প্রয়োজন হলে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মমতাজ বেগমকে গ্রেপ্তার করে। এরপর আদালতের নির্দেশে তাকে রিমান্ডে নেওয়া হয় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
রাজনীতির পাশাপাশি সংগীতাঙ্গনেও পরিচিত মুখ মমতাজ বেগম ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও ২০২৪ সালের নির্বাচনে তিনি পরাজিত হন।