
আসন্ন আলিম পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে তামিরুল মিল্লাত কামিল মাদরাসা। মঙ্গলবার (২৩ জুন) মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশগ্রহণ করেন।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী-এর সভাপতিত্বে এবং ফকীহ মুফতি মাওলানা শরিফুল ইসলাম সুলতানী ও ছাত্রসংসদের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জয়নুল আবেদীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ রাশেদুল ইসলাম, গভর্নিং বডির সভাপতি প্রফেসর নুর নবী মানিক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর পেশ ইমাম মুফতি মুহিউদ্দীন কাসেম, অধ্যাপক ড. মাওলানা রফিকুল রহমান মাদানী, হাফেজ দেলাওয়ার হোসাইন এবং ছাত্রসংসদের ভিপি তোফায়েল আহমাদ।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধের সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষাজীবনের অর্জিত জ্ঞান সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।
প্রধান অতিথি সৈয়দ জয়নুল আবেদীন বলেন, দেশের উন্নয়ন ও সংকট উত্তরণে দক্ষ, সৎ ও নৈতিক মানবসম্পদ তৈরির বিকল্প নেই। তিনি মাদরাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরীক্ষার আগে বাকি সময়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজে লাগাতে হবে। অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং নিয়মিত প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান বক্তা নুরুল ইসলাম সাদ্দাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নৈতিকতা ও যোগ্যতার সমন্বয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বে জ্ঞান, চরিত্র ও মূল্যবোধসম্পন্ন নেতৃত্বের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।
বিশেষ অতিথি হাফেজ রাশেদুল ইসলাম শিক্ষার্থীদের দৃঢ় সংকল্প ও লক্ষ্যনিষ্ঠ থাকার পরামর্শ দেন। তিনি বলেন, জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং সেই সিদ্ধান্তে অবিচল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গভর্নিং বডির সভাপতি নুর নবী মানিক বলেন, তামিরুল মিল্লাত দীর্ঘদিন ধরে মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা এবারও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখবে।
আলোচনা পর্ব শেষে সমাপনী বক্তব্য প্রদান করেন ড. মাওলানা রফিকুল রহমান মাদানী। পরে তিনি আলিম পরীক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য, দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।