প্রিন্ট এর তারিখঃ Jun 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 23, 2026 ইং
নওগাঁয় সাড়ে তিন লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয় মতবিনিময় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
নওগাঁ সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, জেলা ড্যাবের সভাপতি ডাঃ মোঃ ইসকেন্দার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনির আলী আকন্দ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজমসহ অন্যরা।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও জেলার প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় ২ হাজার ৪৬০টি টিকা কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষে স্বাস্থ্যপরিদর্শক, সহকারি স্বাস্থ্যপরিদর্শক, এফডব্লিউএ, এফপিআই, সিএইচসিপি ও স্বেচ্ছাসেবীরা কাজ করছে। যেখানে ৬-১১ মাস বয়সি ৩৪ হাজার ৭৬৫ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ২২ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ বাস্তবায়নে কর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান এবং অ্যাপসের মাধ্যমে ক্যাম্পেইন মনিটরিং করা হবে। এছাড়া ব্যাপক প্রচারের লক্ষ্যে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডসমূহে এবং মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে মাইকিং করে ‘ভিটামিন এ’ এর প্রচার করা হবে।#
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা