
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ওয়াজির উপবিভাগের মারকা বেরা এলাকায় ভয়াবহ দুইটি বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার (২০ জুন) এই ঘটনা ঘটে।
জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি বলেন, প্রথম বিস্ফোরণটি ঘটে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে। ওই সময় একটি যাত্রীবাহী ভ্যান সেখানে পৌঁছালে বিস্ফোরণ ঘটে। এতে ভ্যানটিতে থাকা পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
এর কিছু সময় পর একই এলাকায় দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। উদ্ধারকাজ চলাকালীন সময় এই বিস্ফোরণে আরও দুইজন নিহত হন এবং উদ্ধারকাজে ব্যবহৃত একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আহত ও নিহতদের স্থানীয় খলিফা গুল নওয়াজ টিচিং হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য।
ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকায় ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে। কীভাবে এবং কারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত, তা উদঘাটনে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত কয়েক মাসে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এর আগে গত এপ্রিলে বান্নুতে একটি আত্মঘাতী হামলায় কয়েকজন নিহত হয়েছিলেন। নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে এবং একাধিক অভিযানে বহু সন্দেহভাজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী অঞ্চলে চলমান সহিংসতা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে।