
চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার পথে রয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। দীর্ঘ এক মাস ধরে ডান পায়ের কাফ ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা এই তারকা এখন পুনর্বাসন প্রক্রিয়ার শেষ পর্যায়ে রয়েছেন। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই তাকে দেখা যেতে পারে।
হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর নেইমারের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন আনচেলত্তি। তিনি জানান, শনিবার নেইমার এককভাবে অনুশীলন করবেন এবং সোমবার থেকে পুরোপুরি দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে স্কটল্যান্ড ম্যাচে তাকে মাঠে নামানো হতে পারে।
ব্রাজিলিয়ান তারকা নেইমার চোট পেয়েছিলেন সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান লিগে কোরিতিবার বিপক্ষে ম্যাচে। এরপর থেকেই তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। হাইতির বিপক্ষে ম্যাচে তিনি দলের সঙ্গে সফরে না গিয়ে নিউ জার্সিতে ক্যাম্পে থেকে ফিটনেস রিহ্যাব চালিয়ে যান।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, নেইমার বর্তমানে প্রতিদিন দুই ধাপে অনুশীলন করছেন। সকালে মাঠে ফিটনেস ও বল নিয়ন্ত্রণের কাজ করছেন, আর বিকেলে জিমে আলাদা সেশন করছেন। পুরো পুনর্বাসন প্রক্রিয়ায় তার সঙ্গে রয়েছেন ফিটনেস কোচ ক্রিশ্চিয়ানো নুনেস এবং মিনো ফুলকো।
তবে কোচিং স্টাফ তার প্রত্যাবর্তন নিয়ে কোনো ধরনের তাড়াহুড়া করতে চাচ্ছেন না। শতভাগ ফিট না হলে তাকে মাঠে না নামানোর সিদ্ধান্ত নিয়েছে দল। তাই মরক্কো ও হাইতির বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়েছে।
বর্তমানে চার পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের নকআউট পর্বে জায়গা। সেই ম্যাচেই যদি নেইমার মাঠে নামেন, তবে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে ব্রাজিল সমর্থকদের।