
খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র থেকে ৪৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) অনুষ্ঠিত এ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকলের চেষ্টা করার অভিযোগে তাদের আটক করা হয়।
খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সেলিমুল আজম জানান, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় প্রথমে ২৫ জনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। এ সময় তাদের মধ্যে চারজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২১ জনকে আটক করা হয়। পরবর্তীতে পরীক্ষা চলাকালীন সময়ে আরও ২৮ জনকে আটক করা হয়। সব মিলিয়ে নারী ও পুরুষসহ মোট ৪৯ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে একজন প্রক্সি পরীক্ষার্থীও রয়েছে। তাদের কাছ থেকে মোবাইল ফোন, ব্যাটারি ও ছোট আকারের ব্লুটুথ ডিভাইস উদ্ধার করা হয়েছে, যা পরীক্ষায় নকলের জন্য ব্যবহার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সেলিমুল আজম বলেন, “আমরা সবাইকে যে ধরতে পেরেছি, তা বলা যাবে না। তবে বিগত পরীক্ষাগুলোর তুলনায় এবার সবচেয়ে বেশি সংখ্যক জালিয়াতিকে শনাক্ত করা সম্ভব হয়েছে।”
ঘটনার পর আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সরকারি নিয়োগ পরীক্ষায় এ ধরনের জালিয়াতির ঘটনা ফের পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও কঠোর নজরদারির আশ্বাস দিয়েছে।