বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে আবারও একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় দেশবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। একই সঙ্গে কথা বলার স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল।
তারেক রহমান অভিযোগ করেন, যারা এসব কাজ করেছে তারা এখন দেশ ছেড়ে চলে গেছে। তবে তাদের রেখে যাওয়া সংকট ও ষড়যন্ত্র এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। ভোটকেন্দ্রে উপস্থিত থেকে নিজের ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে। জনগণের ভোট যেন সঠিকভাবে গণনা হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ সবার দেশ। সব ধর্ম, সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে নিয়েই এই দেশকে গড়ে তুলতে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা—এমন মন্তব্য করে তিনি জাতীয় ঐক্যের ওপর জোর দেন।
হাতিয়া এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, নদীভাঙন, বেড়িবাঁধ ও বল্ক বাধ নির্মাণসহ বহু সমস্যা দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়ে গেছে। অতীতে অনেক জনপ্রতিনিধিকে এই এলাকার মানুষ দেখেছে, কিন্তু তারা সমস্যার কার্যকর সমাধান করতে পারেননি বলে অভিযোগ করেন তিনি।
তারেক রহমান বলেন, এসব সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে জয়ী করতে হবে। বিএনপি সরকার গঠন করতে পারলে ধীরে ধীরে হাতিয়ার মানুষের সব সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি।
জনসভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কসমিক ডেস্ক