নোয়াখালী-৬ (হাতিয়া) সংসদীয় আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল হান্নান মাসউদের প্রতি সাধারণ ভোটারদের ভালোবাসা ও আস্থার এক ব্যতিক্রমী প্রকাশ দেখা গেছে নির্বাচনী প্রচারণায়। স্বামীর পক্ষে ভোট চাইতে গিয়ে এক ভোটারের কাছ থেকে স্বর্ণের আংটি উপহার পেয়েছেন হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রবাসী আমির ডুবাইরের বাড়িতে এ ঘটনা ঘটে। উপহার হিসেবে স্বর্ণের আংটিটি প্রদান করেন আমির ডুবাইরের বৃদ্ধা মা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন আমির ডুবাইরের বাড়িতে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পূর্বনির্ধারিত একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং হান্নান মাসউদের সহধর্মিণী শ্যামলী সুলতানা জেদনী।
উঠান বৈঠক শুরুর আগে নির্ধারিত স্থানে বসার সময় হঠাৎ এক বৃদ্ধা নারী এগিয়ে এসে শ্যামলী সুলতানা জেদনীর হাতে একটি স্বর্ণের আংটি পরিয়ে দেন। তিনি এটিকে ভালোবাসা ও সম্মানের নিদর্শন হিসেবে গ্রহণ করার অনুরোধ জানান। এ সময় উপস্থিত নারী ভোটাররা করতালির মাধ্যমে ঘটনাটিকে স্বাগত জানান। মুহূর্তেই বৈঠকের পরিবেশ আবেগঘন হয়ে ওঠে।
ঘটনার বিষয়ে শ্যামলী সুলতানা জেদনী বলেন, এটি আবদুল হান্নান মাসউদের প্রতি সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি বলেন, গত দেড় বছরে হান্নান মাসউদ সাধারণ মানুষের পাশে থেকে যে কাজগুলো করেছেন, এই ভালোবাসা তারই প্রতিফলন। একজন স্ত্রী হিসেবে এই সম্মান পেয়ে তিনি গর্বিত বলেও মন্তব্য করেন।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তি হাতিয়া উপজেলা শাখার সদস্য সচিব আশিক এলাহীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। পাশাপাশি আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক নারী ভোটার বৈঠকে অংশগ্রহণ করেন এবং প্রার্থীর কর্মসূচির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, এই ব্যতিক্রমী ঘটনাটি নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের আবেগ ও প্রত্যাশার একটি প্রতীক হয়ে উঠেছে। হাতিয়ায় নির্বাচনী প্রচারে এমন দৃশ্য ভোটারদের সঙ্গে প্রার্থীর ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেয় বলেও মন্তব্য করেন তারা।
কসমিক ডেস্ক