বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান বলেছেন, আমাদের সবার জীবনেই নানা ধরনের সমস্যা রয়েছে। তবে সঠিক পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এসব সমস্যার কার্যকর সমাধান সম্ভব। তিনি বলেন, বিএনপির রাজনীতি পরিকল্পনাভিত্তিক এবং জনগণকে কেন্দ্র করেই এই রাজনীতির দর্শন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ঢাকা-১৭ আসনের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, “আমাদের রাজনীতি হলো সঠিক পরিকল্পনার রাজনীতি। আজ আমাদের সামনে গৌরবের এক নতুন সূর্যোদয়। আমরা বিশ্বাস করি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।” তিনি আরও বলেন, ভেদাভেদের আগে সমতা এবং বৈষম্যের আগে ন্যায়বিচার প্রতিষ্ঠাই বিএনপির রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি।
তিনি জানান, বিএনপি শ্রমের মর্যাদা, মেধার যথাযথ মূল্যায়ন এবং সুবিচার নিশ্চিত করতে চায়। এজন্য সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং শ্রমের মর্যাদাভিত্তিক একটি রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্য নিয়ে দলটি কাজ করছে। জুবাইদা রহমান বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই, যেখানে প্রত্যেক নাগরিক সমান সুযোগ পাবে এবং যোগ্যতার ভিত্তিতে তার প্রাপ্য অধিকার নিশ্চিত হবে।”
বিএনপি সবার জন্য সমান সুযোগ, ন্যায্য অধিকার ও মেধাভিত্তিক কর্মসংস্থানে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, মেধাভিত্তিক চাকরি, শোষণের আগে সুবিচার এবং নেতার আগে জনতাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, “আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়তে চাই, যেখানে ক্ষমতা নয়—মানুষই হবে রাজনীতির কেন্দ্রবিন্দু।”
মতবিনিময় সভায় উপস্থিত সাধারণ মানুষদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন, নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন—এ জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। তিনি আশ্বস্ত করেন, জনগণের এসব সমস্যার কথা আরও মনোযোগ দিয়ে শোনা হবে এবং সমাধানের কার্যকর পথ খুঁজে বের করা হবে।
বক্তব্যের শেষাংশে জুবাইদা রহমান দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমেই একটি সুন্দর, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালামসহ দলটির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির দলনেতা ফরহাদ হালিম ডোনার সভায় সভাপতিত্ব করেন।
কসমিক ডেস্ক