আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন চলাচলের ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের আগে ও পরে মোট তিন দিন মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। পাশাপাশি নির্বাচনের দিন ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও ট্যাক্সিক্যাবসহ চার ধরনের যানবাহন ২৪ ঘণ্টা চলাচল করতে পারবে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়।
ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের নির্ধারিত দিনের আগের মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। একই সঙ্গে ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বা তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
তবে জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে বলে জানিয়েছে ইসি। নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন; নির্বাচন পর্যবেক্ষক ও সংবাদপত্রে ব্যবহৃত গাড়ি; জরুরি সেবা যেমন ওষুধ পরিবহন, চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় ব্যবহৃত যানবাহন।
এ ছাড়া বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী বা তাদের আত্মীয়স্বজনের গাড়ি (বৈধ টিকিট প্রদর্শন সাপেক্ষে), দূরপাল্লার যাত্রীবাহী বাস, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টের জন্য রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে একটি গাড়ি (জিপ, কার বা মাইক্রোবাস) চলাচলের অনুমতি থাকবে। টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনও এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা বা মহানগরে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়কের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল থাকতে পারে। স্থানীয় বাস্তবতা ও নিরাপত্তা বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার চাইলে আরও কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করতে পারবেন।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কসমিক ডেস্ক