হামে শিশু মৃত্যুর দায়ে ইউনূসের বিচার দাবি সিপিবির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হামে শিশু মৃত্যুর দায়ে ইউনূসের বিচার দাবি সিপিবির

  • নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
হামে শিশু মৃত্যুর দায়ে ইউনূসের বিচার দাবি সিপিবির ছবির ক্যাপশন:

হামে সাড়ে তিন শতাধিক শিশু মৃত্যুর ঘটনার দায়ে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। তাদের অভিযোগ, সরকারের অবহেলা ও গাফিলতির কারণেই দেশে শিশুদের মধ্যে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে।

রবিবার (১০ মে) রাজধানীর মগবাজারে মধুবাগ মাঠে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা স্বাস্থ্য খাতের দুর্বল ব্যবস্থাপনা, চিকিৎসা ব্যয় বৃদ্ধি এবং বেসরকারি খাতের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সমালোচনা করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা মস্তান শের শাহাদাত এবং সঞ্চালনা করেন সিপিবি মগবাজার-মধুবাগ শাখার সম্পাদক কল্লোল বণিক। এতে বক্তব্য দেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, সিপিবি নেতা শ্যামল বিশ্বাস ও জহিরুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বাংলাদেশ একসময় টিকাদান কর্মসূচিতে বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছিল। কিন্তু বর্তমান সময়ে স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। তাদের অভিযোগ, সরকার দোষীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।

সিপিবি নেতা হাসান হাফিজুর রহমান সোহেল বলেন, শিশু মৃত্যুর এই ভয়াবহ পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের চরম গাফিলতির কারণেই এই সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য খাতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা জরুরি।

সমাবেশে আরও বলা হয়, দেশে চিকিৎসা ব্যবস্থা ক্রমশ বেসরকারি খাতনির্ভর হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ চিকিৎসা ব্যয়ের কারণে চরম দুর্ভোগে পড়ছে। অনেক পরিবার চিকিৎসা খরচ মেটাতে জমি-জমা বিক্রি করতে বাধ্য হচ্ছে।

নেতারা অভিযোগ করেন, দেশে অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল গড়ে উঠলেও মান নিয়ন্ত্রণে কার্যকর কোনো নজরদারি নেই। এতে চিকিৎসা সেবা আরও ব্যয়বহুল ও অনিরাপদ হয়ে উঠছে।

বক্তারা দাবি করেন, স্বাস্থ্য খাতকে বাণিজ্যিকীকরণের পরিবর্তে জনগণের জন্য সহজলভ্য ও মানসম্মত করতে হবে। একই সঙ্গে শিশু মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মধুবাগ মাঠ থেকে শুরু হয়ে মগবাজার ওয়ারলেস গেটে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য খাত সংস্কার এবং শিশু সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল

জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল