গাজীপুরের কালীগঞ্জে কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার দায়ে পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন—জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানী এলাকার ইউসুফ আলী খন্দকারের ছেলে সামশুল হক খন্দকার (৬৫) এবং মোক্তারপুর ইউনিয়নের রাথুরা এলাকার আকবর আলীর ছেলে কাজী আমজাদ হোসেন (৬৭)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ছাতিয়ানী এলাকায় কৃষিজমি থেকে কোনো ধরনের অনুমোদন ছাড়াই মাটি কেটে অন্যত্র ভরাট করা হচ্ছিল। একই সময়ে রাথুরা এলাকায় বিধিবহির্ভূতভাবে কৃষিজমির মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থলে গিয়ে এসব অভিযোগের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। পরে সামশুল হক খন্দকারকে ২ লাখ টাকা এবং কাজী আমজাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম জানান, কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয়ভাবে কৃষিজমি রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, কৃষিজমির মাটি অপসারণ করলে জমির উর্বরতা নষ্ট হয় এবং দীর্ঘমেয়াদে খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে।