দীর্ঘদিন ধরেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন কন্নড় সুপারস্টার যশ। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’-এর অভাবনীয় সাফল্যের পর থেকে তার নতুন সিনেমা নিয়ে ভক্তদের অপেক্ষা আরও বেড়ে যায়। তবে এখন পর্যন্ত বড় কোনো ছবি মুক্তি না পাওয়ায় কিছুটা হতাশাও তৈরি হয়েছে তার অনুরাগীদের মধ্যে।
এরই মধ্যে যশের আসন্ন সিনেমা ‘টক্সিক: এ ফেইরি টেল ফর গ্রোন-আপস’-এর ঝলক প্রকাশ পেলেও ছবিটির মুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে তার পরবর্তী পর্দা উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সম্প্রতি শোনা যাচ্ছে, চলতি বছরে নির্ধারিত সিনেমাগুলোর কাজ শেষ করার পর বড় পর্দা থেকে সাময়িক বিরতিতে যেতে পারেন এই তারকা। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি আলোচনাও চলছে চলচ্চিত্র অঙ্গনে।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে যশ নিজেই ইঙ্গিত দেন তার বিরতির পরিকল্পনার কথা। তিনি বলেন, তিনি বর্তমানে বিরতি নেওয়ার দিকেই ঝুঁকে আছেন। তার মতে, একটানা দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকার পর এখন কিছুটা সময় দরকার পরিকল্পনা ও প্রস্তুতির জন্য।
তিনি আরও জানান, ২০২২ সালের পর তার কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় দর্শকদের মধ্যে অপেক্ষা তৈরি হয়েছে। তবে তিনি যে লক্ষ্য ও ভিশন নিয়ে এগোচ্ছেন, তা বাস্তবায়নের জন্য সময় ও গভীর মনোযোগ প্রয়োজন। তার ভাষায়, সিনেমাগুলোকে শুধু স্থানীয় নয়, বিশ্বমঞ্চে উপস্থাপন করাই তার বর্তমান উদ্দেশ্য।
এই সময়টিকে তিনি প্রস্তুতির সময় হিসেবেই দেখছেন। পর্দায় অনুপস্থিত থাকলেও তিনি কাজের পরিকল্পনা, গল্প নির্বাচন ও প্রজেক্ট উন্নয়নে ব্যস্ত রয়েছেন বলে জানা যায়।
যশের আসন্ন সিনেমা ‘টক্সিক’ পরিচালনা করছেন গীতু মোহনদাস। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্তের মতো জনপ্রিয় অভিনেত্রীরা। বড় বাজেট ও আন্তর্জাতিক মানের প্রজেক্ট হিসেবে সিনেমাটি ইতিমধ্যে আলোচনায় রয়েছে।
এছাড়া নীতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক কাহিনিভিত্তিক সিনেমা ‘রামায়ণ’-এও দেখা যাবে যশকে। দুই পর্বে নির্মিত এই ছবির প্রথম অংশ ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় অংশ ২০২৭ সালের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে। এই ছবিতে আরও অভিনয় করছেন রণবীর কাপুর, সাই পল্লবী, সানি দেওলসহ অনেক তারকা।
সব মিলিয়ে যশ এখন এক গুরুত্বপূর্ণ মোড়ের সামনে দাঁড়িয়ে আছেন। একদিকে বড় বড় প্রজেক্ট, অন্যদিকে সম্ভাব্য বিরতি—সব মিলিয়ে তার পরবর্তী সিদ্ধান্ত নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।
কসমিক ডেস্ক