ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের মেয়েদের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের মেয়েদের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের মেয়েদের ছবির ক্যাপশন:
ad728

নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ ২–০ গোলে হারিয়েছে ভারতকে। লাল-সবুজের পক্ষে গোল দুটি করেন অর্পিতা বিশ্বাস ও আলপি আক্তার।

এর আগে প্রথম ম্যাচে ভুটানকে ১২–০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচে জয় পাওয়ায় ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। ৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

নেপালের পোখারায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশের মেয়েরা। বলের দখল ও আক্রমণে এগিয়ে থেকে ভারতের ওপর চাপ তৈরি করে তারা। সেই চাপের ফল আসে ম্যাচের ২৯ মিনিটে। অর্পিতা বিশ্বাসের করা গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। ৪০ মিনিটে আলপি আক্তারের গোলে স্কোরলাইন দাঁড়ায় ২–০। প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর ভারত কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ় ছিল। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে ২–০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

বর্তমানে ক্রিকেটে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে বয়সভিত্তিক নারী ফুটবলে এই ম্যাচটি বাড়তি আলোচনার জন্ম দেয়। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা সৌহার্দ্যপূর্ণভাবে হাত মিলালেও মাঠের লড়াইয়ে স্পষ্ট আধিপত্য দেখায় বাংলাদেশ।

রাউন্ড রবিন পদ্ধতিতে চলা এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। আগামী ৪ ফেব্রুয়ারি বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেপালের বিপক্ষে। ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ব্যানার ছিঁড়ে নির্বাচনী অগ্রযাত্রা থামানো যাবে না: নাহিদ ইসল

ব্যানার ছিঁড়ে নির্বাচনী অগ্রযাত্রা থামানো যাবে না: নাহিদ ইসল