বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য শেখ হাসিনার পতন হয়েছে।’ তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং তাদের কোনো দলীয় পরিচয় থাকা উচিত নয়; বরং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করাই তাদের প্রধান দায়িত্ব।
রোববার (২ আগস্ট) বিকেলে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
বরকত উল্লাহ বুলু বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, তবে সমাজ ও রাষ্ট্র উভয়ই উপকৃত হয়।
রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের উচিত জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। তিনি সাংবাদিকদের ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে পেশাগত নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। তাই সাংবাদিকদের দায়িত্ব সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের পেশাদারিত্ব এবং নৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খানের সভাপতিত্বে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক