গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারি পুলিশ যানবাহনে সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানবাহনের সুরক্ষা নিশ্চিত এবং দায়িত্ব পালনের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও বিশেষায়িত ইউনিটকে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহন সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।
নির্দেশনায় বলা হয়, দায়িত্ব পালনের সময় কোনো কারণে সরকারি যানবাহন থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্কিং করতে হবে। পাশাপাশি দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড বা নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।
এ ছাড়া এসব স্থানে নিয়মিত টহল জোরদার, সিসিটিভি ও অন্যান্য নজরদারি কার্যক্রম বাড়ানো এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম নজরে এলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করারও নির্দেশ রয়েছে।
পুলিশ সদর দপ্তর বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সব ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
তবে এ নির্দেশনা নিয়ে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সংস্থাটির এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, এটি পুলিশের সদস্যদের সতর্ক ও সজাগ রাখার জন্য নিয়মিত জারি করা নির্দেশনা। এতে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় নিয়মিতভাবে এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।
কসমিক ডেস্ক