বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক অত্যন্ত ইতিবাচক অবস্থানে: পররাষ্ট্রমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক অত্যন্ত ইতিবাচক অবস্থানে: পররাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক অত্যন্ত ইতিবাচক অবস্থানে: পররাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন:

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে অত্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছে এবং আগামী দিনে এ সম্পর্ককে আরও শক্তিশালী ও গভীর করতে উভয় দেশ একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি জানান, গত সপ্তাহে ম্যানিলায়ও সার্জিও গরের সঙ্গে তার বৈঠক হয়েছিল এবং একই সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও সাক্ষাৎ করেন।

ড. খলিলুর রহমান বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অভিবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। যদিও এটি ছিল স্বল্পপরিসরের বৈঠক, তবুও ভবিষ্যৎ সহযোগিতার সার্বিক দিকনির্দেশনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছে।

বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে তিনি বলেন, শুধু রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নয়, দেশের বেসরকারি প্রতিষ্ঠানও বোয়িং উড়োজাহাজ ক্রয় করছে। এটি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ইতিবাচক উদাহরণ।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বাংলাদেশ যে মানবিক সহায়তা পায়, তার অর্ধেকেরও বেশি যুক্তরাষ্ট্র প্রদান করে। ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের মতো নির্দিষ্ট কোনো বিষয় এ বৈঠকে আলোচনা হয়নি।

তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সব পর্যায়ে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ নীতির আওতায় বাংলাদেশের জন্য ১০ শতাংশ শুল্ক এবং ট্যারিফ কোটা সুবিধার বিষয়টিও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে মানবাধিকার, প্রযুক্তি সহযোগিতা ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরেও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নতুন পে স্কেল নিয়ে অনিশ্চয়তা, ধাপে বাস্তবায়নের ইঙ্গিত

নতুন পে স্কেল নিয়ে অনিশ্চয়তা, ধাপে বাস্তবায়নের ইঙ্গিত