তিন মাসেও সরেনি বিদ্যালয় ভবনে উপড়ে পড়া গাছ, ঝুঁকিতে পাঠদান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তিন মাসেও সরেনি বিদ্যালয় ভবনে উপড়ে পড়া গাছ, ঝুঁকিতে পাঠদান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
তিন মাসেও সরেনি বিদ্যালয় ভবনে উপড়ে পড়া গাছ, ঝুঁকিতে পাঠদান ছবির ক্যাপশন:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ওপর প্রায় তিন মাস ধরে উপড়ে পড়ে থাকা একটি বড় গাছ এখনো অপসারণ করা হয়নি। এতে চরম ঝুঁকি ও আতঙ্কের মধ্যেই পাঠদান চালিয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদের।

ঘটনাটি উপজেলার মুশলী ইউনিয়নের রাজগাতী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। গত মে মাসে এক ঝড়ে বিদ্যালয়ের পুরনো একতলা ভবনের ওপর গাছটি হেলে পড়ে। এরপর দীর্ঘ সময় পার হলেও এটি অপসারণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সোমবার (২০ জুলাই) সরেজমিনে দেখা যায়, উপড়ে পড়া গাছটি এখনো ভবনের সঙ্গে আটকে রয়েছে। ভবনের দুটি শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান চলছে। তবে আকাশ মেঘলা থাকলে ঝুঁকির আশঙ্কায় শিক্ষার্থীদের নতুন ভবনে স্থানান্তর করা হয়। সেখানে শিশু শ্রেণিকক্ষের মেঝেতে মাদুর পেতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীরা জানায়, মাথার ওপর বিশাল গাছ হেলে থাকায় তারা সব সময় আতঙ্কের মধ্যে থাকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খাইরুল ইসলাম বলেন, গাছটি হেলে পড়ার পরপরই সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত গাছটি অপসারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দারাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, সামান্য ঝোড়ো হাওয়ায়ও গাছটি ভেঙে ভবনের ওপর পড়তে পারে, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তারা দ্রুত গাছটি অপসারণের দাবি জানান।

এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. ফজিলাতুন্নেছা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় ভবনে গাছ হেলে পড়লে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তা দ্রুত অপসারণ করতে হবে। এরপর নিয়ম অনুসারে গাছটি নিলামের ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, রাজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনাটি খোঁজ নিয়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিরাপত্তাহীন নারী ও শিশু, বাড়ছে নির্যাতনের পরিসংখ্যান

নিরাপত্তাহীন নারী ও শিশু, বাড়ছে নির্যাতনের পরিসংখ্যান