বন্যা মোকাবেলায় ৭ উপজেলায় সেনা মোতায়েন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বন্যা মোকাবেলায় ৭ উপজেলায় সেনা মোতায়েন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
বন্যা মোকাবেলায় ৭ উপজেলায় সেনা মোতায়েন ছবির ক্যাপশন:

চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় জেলার বিভিন্ন এলাকায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার পানিতে প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ইন এইড টু সিভিল পাওয়ার-এর আওতায় জেলার সাতটি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার (১০ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রাম জেলা প্রশাসনের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা দুর্গত এলাকায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে এসব এলাকার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ৪ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন এবং অনেক পরিবার এখনো পানিবন্দি অবস্থায় রয়েছেন। দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ১০ পদাতিক ডিভিশনের বিশেষ উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সরঞ্জাম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

অন্যদিকে, ভারী বর্ষণের প্রভাবে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব এলাকায় উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, দুর্গত এলাকায় আটকে পড়া মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, প্রয়োজনীয় খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার জন্য ২৪ পদাতিক ডিভিশন ইতোমধ্যে বন্যাকবলিত এলাকায় তিনটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনগণের জানমাল রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ বিতরণ এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দিল্লির দূষণে ঝুঁকিতে হুমায়ুনের সমাধিসৌধ, গবেষণায় নতুন তথ্য

দিল্লির দূষণে ঝুঁকিতে হুমায়ুনের সমাধিসৌধ, গবেষণায় নতুন তথ্য