গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি গুমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে একটি বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়টি চলতি বাজেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সরকারের কাছে প্রস্তাব উপস্থাপন করা হবে।
তিনি আরও বলেন, গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত থাকবে। সরকার এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এখন শুধুই শোক প্রকাশের সময় নয়, বরং অধিকার আদায় এবং ন্যায়বিচার নিশ্চিত করার সময়। তিনি মানবাধিকার কমিশনকে আরও কার্যকর ও শক্তিশালী করার পাশাপাশি গুম-সংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সংলাপে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন। এছাড়া অতীতের বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
আলোচনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান। সংলাপে এসব দাবির গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়
কসমিক ডেস্ক