নীলফামারীতে ৩ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নীলফামারীতে ৩ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
নীলফামারীতে ৩ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ছবির ক্যাপশন:

নীলফামারীতে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় বৃহৎ পরিসরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। আগামী ২৮ জুন জেলার ৬টি উপজেলা ও ৪টি পৌরসভায় একযোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় তিন লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার (২৪ জুন) দুপুরে জেলা ইপিআই ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক।

তিনি জানান, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির মাধ্যমে মোট ৩ লাখ ৭ হাজার ২৬২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য বিভাগের পরিকল্পনা অনুযায়ী, ৬ থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৪০৯ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে। এর মধ্যে ১০৫ জন প্রতিবন্ধী শিশুও অন্তর্ভুক্ত থাকবে।

অন্যদিকে, ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭৫ হাজার ৮৫৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এই বয়সসীমার আওতায় ২৭৬ জন প্রতিবন্ধী শিশুও সুবিধা পাবে।

ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার ৬১টি ইউনিয়ন এবং ৪টি পৌরসভাজুড়ে মোট ১ হাজার ৫৯০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৩ হাজার ১৮০ জন স্বেচ্ছাসেবক।

এছাড়া কর্মসূচির সার্বিক তদারকির জন্য প্রথম সারির ১৯১ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের বিশেষ মনিটরিং টিমও কেন্দ্রগুলো নিয়মিত পরিদর্শন ও তদারকি করবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা করছেন, এ কর্মসূচির মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। পাশাপাশি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতেও এই ক্যাম্পেইন কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতিউর রহমান শেখ আতিকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৯ মাসের বিল বকেয়া, শিশুখাদ্য সরবরাহ বন্ধ ২০ কেন্দ্রে

৯ মাসের বিল বকেয়া, শিশুখাদ্য সরবরাহ বন্ধ ২০ কেন্দ্রে