প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রবিবার মালয়েশিয়া সফরে যাচ্ছেন। ওইদিন দুপুরে তিনি ঢাকা ত্যাগ করে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মালয়েশিয়া সফর শেষে তিনি চীন সফরে যাবেন এবং পরে দেশে ফেরার কথা রয়েছে।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, প্রধানমন্ত্রীর এই সফর দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া এবং দ্বিতীয় ধাপে ২৩ থেকে ২৬ জুন চীন সফর অনুষ্ঠিত হবে।
মালয়েশিয়া সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন। এরপর দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনসম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনা হবে।
পররাষ্ট্রসচিব আরও জানান, মালয়েশিয়ার বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ বৃদ্ধি, আসিয়ানে বাংলাদেশের যোগদান এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য।
এছাড়া সফরকালে দুই দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাণিজ্যিক আলোচনা শুরু করার লক্ষ্যে টার্মস অব রেফারেন্স বিনিময় এবং আরও কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দলিল নিয়ে আলোচনা হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়া এবং চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
কসমিক ডেস্ক